গাজীপুরে তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে আন্তর্জাতিক মানের

বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘১০৫ একর ভ‚মিতে গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির উন্নয়নের জন্য সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এখানে আন্তর্জাতিক মানের শুটিং স্পট, হেলিপ্যাড, রিসোর্ট, উন্নতমানের পিকনিক স্পট, ফুলের বাগানসহ মনোরম পরিবেশ গড়ে তোলা হবে।’

গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের আন্ধারমানিক এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে যে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে তার কিছু অংশ গাজীপুরের কালিয়াকৈরে এই ফিল্ম সিটিতে শুটিং করা হতে পারে।’

মন্ত্রীর সঙ্গে তথ্য সচিব আবদুল মালেক, বঙ্গবন্ধু ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক  মো. আবদুল করিম, যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন, পরিচালক কে এম আইয়ুব আলী, সহকারী পরিচালক (এফডিসি) মো. রফিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শংকর দত্ত, জেলা তথ্য অফিসার জালাল আহমেদসহ তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।