রাজধানীর সদরঘাট টার্মিনালে লঞ্চের ক্যান্টিনে রুবেল মুন্সি (২২) নামে এক বাবুর্চিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে টার্মিনালের ২ নম্বর ঘাটে কীত্তনখোলা-২ লঞ্চের রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই লঞ্চের ক্যান্টিন বয় ইসতির (২০) বিরুদ্ধে হত্যাকামণ্ডের জড়িত থাকার অভিযোগ এনেছে লঞ্চ কর্তৃপক্ষ। ঘটনার পর থেকেই ইসতি পলাতক রয়েছেন। নিহত রুবেল মুন্সি পটুয়াখালী সদর উপজেলার আবদুল গনি মুন্সির ছেলে।
লঞ্চটির কর্মচারী আবু তালেব দেশ রূপান্তরকে জানান, রুবেল ও ইসতি ক্যান্টিনের রান্নাঘরে একসঙ্গে কাজ করতেন। ঘটনার সময় ক্যান্টিনের সবাই উপস্থিত ছিলেন। রুবেল ইসতিকে তরকারি কাটার জন্য বলেন। রুবেলের কথামতো সেটি করতে না পারায় ইসতিকে গালাগাল করতে থাকেন রুবেল। একপর্যায়ে রাগের মাথায় তরকারি কাটার বঁটি দিয়ে রুবেলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন ইসতি। এতে ক্যান্টিনের মেঝেতে পড়ে যান রুবেল। পরে অধিক রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পরপরই দৌড়ে পালিয়ে যান ইসতি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. ইমরান উকিল দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। ক্যান্টিন বয় ইসতি জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করলেই আসল ঘটনা জানা যাবে।