ভারতীয় চ্যানেলের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। বর্তমানে চলছে সিজন এগারো। সেখানে বিচারকের দায়িত্ব পালন করছেন গায়িকা নেহা কক্কর। সম্প্রতি বিব্রতকর অবস্থার মুখোমুখি হলেন তিনি।
অডিশন চলাকালীন এক প্রতিযোগীর আচমকা চুমু খাওয়ার কাণ্ডে নাকি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নেহা।
ইনস্টাগ্রামে চ্যানেল থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ওই প্রতিযোগী নেহাকে জোর করে জড়িয়ে ধরে গালে চুমু খান।
অডিশনের রাউন্ডে এক প্রতিযোগী অনেক উপহার ও টেডি বেয়ার হাতে নিয়ে স্টেজে আসেন। রাজস্থানি পোশাক পরেছিলেন তিনি। স্টেজে এসেই নেহাকে চিনতে পারার কথা বলেন। গায়িকাও তার কথা শুনে স্টেজে চলে যান। এর পরেই দেখা যায় গায়িকাকে রীতিমতো জাপটে গালে চুমু খান প্রতিযোগী।
নেহা ভেবেছিলেন, যেহেতু আগেই তারা পরিচিত হয়েছিলেন সে কারণে ওই উপহারগুলো দিয়ে তাকে জড়িয়ে ধন্যবাদ জানাবেন। কিন্তু তা করতে গিয়েই আচমকা নেহাকে জড়িয়ে গালে চুমু খেয়ে নেন ওই প্রতিযোগী।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখে নেহার ভক্তরা নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, এভাবে কাউকে বিনা সম্মতিতে চুমু খাওয়া যৌন হেনস্তার শামিল। তবে কেউ কেউ মনে করছেন, যেহেতু সনি টিভি নিজেদের ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে উল্টো বার্তা দিয়েছে।