মেরিন ড্রাইভ সড়কে উদ্ধার লাশের শরীরে চারটি গুলির চিহ্ন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে উখিয়ার ইনানী ইমামের ডেইল এলাকায় উদ্ধার যুবকের লাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ওই যুবকের লাশটি দেখতে পায়।

স্থানীয় লোকজন পড়ে থাকা লাশটির বিষয়ে উখিয়া থানা পুলিশকে খবর দেয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, ইনানী ইমামের ডেইল এলাকায় একটি লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লাশের শরীরে ৪টি বুলেটের চিহ্ন রয়েছে। পুলিশ নিশ্চিত হতে পারেনি কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে। মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।