জাতীয় লিগে নেমেই লিটনের সেঞ্চুরি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টিতে খেলার কারণে চলতি জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। দ্বিতীয় রাউন্ডে নেমেই ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন রংপুরের এই ব্যাটসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন শুক্রবারই অর্ধশতক পূর্ণ করেছিলেন ওপেনার লিটন। দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে শনিবার লাঞ্চ বিরতির আগেই তিন অঙ্ক স্পর্শ করেন জাতীয় দলের এই নিয়মিত মুখ।

সেঞ্চুরি করতে লিটন বল খেলেছেন ১৩৩টি। এর মধ্যে চার হাঁকিয়েছেন ১৩টি! লিটনের ব্যাটে প্রথম ইনিংসে ঢাকার গড়া রানের পাহাড় ভালোভাবেই তাড়া করছে রংপুর। লাঞ্চে যাওয়ার সময় তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৭৪ রান। লিটন ১১১ ও নাঈম ইসরাম ৫২ রানে অপরাজিত ছিলেন।

শনিবার ৮ উইকেটে ৫৫৬ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। অপরাজিত ২২০ রানের ইনিংস খেলেছিলেন সাইফ হাসান।