ইলিশ নিয়ে পালাতে গিয়ে নালায় পড়ে প্রবাসীর মৃত্যু

ঝালকাঠিতে মা ইলিশ নিয়ে পালিয়ে যাবার সময় নালায় পড়ে বাবুল হাওলাদার (৫০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে জেলার রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল হাওলাদার উপজেলার চর উত্তমপুর এলাকার মৃত ইউসুফ হাওলাদারের ছেলে।

তিনি দীর্ঘদিন সৌদিতে কর্মরত ছিলেন। কয়েকমাস আগে বাড়িতে আসেন বাবুল হাওলাদার। রাতেই বাবুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়রা জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতি রাতে প্রশাসনের অভিযানের মধ্যেই কিছু অসাধু জেলে বিষখালী নদীতে মা ইলিশ ধরে। আর তা থেকে বাবুল হাওলাদার কিছু মাছ কিনে নিয়ে বাড়ি আসছিলেন। এমন সময় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পশ্চিম বড়ইয়া এলাকার ফকিরবাড়ির পশ্চিম পাশে সুপারি বাগানের ভেতরে থাকা গভীর নালায় পড়ে গিয়ে নিখোঁজ হন বাবুল হাওলাদার।

পরে বাবুলের আত্মীয়রা তাকে খুঁজতে গিয়ে গভীর নালার মধ্যে মাথা নিচু হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা আরও জানায়, প্রায়ই এই সংঘবদ্ধ চক্রটি রাতে কেউ মাছ কিনে নিয়ে আসলে তাকে তাড়া করে মাছ ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে (রাজাপুর-কাঠালিয়া ) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।