চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ জাকির খান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল রাতে উত্তরার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই টিস্যু ক্যানসার রোগে ভুগছিলেন তিনি। ঢাকার উত্তরায় আহসানিয়া ক্যানসার হাসপাতালে গতকাল রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।
মৃত্যুকালে জাকির খানের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো গভীর শোক জানিয়েছেন। সেই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
৩৪ বছরের কর্মজীবনে জাকির খান মোট ১১টি চলচ্চিত্র নির্মাণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘চার অক্ষরের ভালোবাসা’, ‘মন চুরি’, ‘রাঙা মন’, ‘মনের অজান্তে’। এ ছাড়া ‘অন্যায়ের প্রতিবাদ’, ও ‘স্বপ্নের মধ্যে তুমি’ নামের দুটি সিনেমার কাজ অসমাপ্ত রয়েছে।