উচ্চশিক্ষার সার্টিফিকেট লাভের আশায় জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে নরসিংদীতে সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলীর বিরুদ্ধে।
তার বিরুদ্ধে ক্যাডার বাহিনী দিয়ে কেন্দ্র পাহারার ব্যবস্থা করার ও অভিযোগ ওঠে।
নিজে পরীক্ষা না দিয়ে পরপর আটটি পরীক্ষায় তার পক্ষে অংশ নেন প্রক্সি পরীক্ষার্থীরা। শুক্রবার পরীক্ষা হলে হাতেনাতে এক শিক্ষার্থী ধরা পড়লে বিষয়টি জানাজানি হয়।
জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে শনিবার কলেজের পক্ষ থেকে নরসিংদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ উল্লাহ কাজলকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মহিলা এমপি ববুলীর এ দুর্নীতির খবর প্রকাশ হলে এলাকায় সমালোচনার ঝড় উঠে।
জানা যায়, নরসিংদী ও গাজীপুর আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। তিনি নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র ও সাবেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। তার দেবর কামরুজ্জামান কামরুল নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি। অপর দেবর শামীম নেওয়াজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী বুবলী এইচএসসি পাস। ডিগ্রির সার্টিফিকেট লাভের আশায় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হন।
অভিযোগ রয়েছে, এ পর্যন্ত চার সেমিস্টারের ১৩টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে ১৩টি পরীক্ষার একটিতেও সশরীরে তিনি অংশ নেননি। তার পক্ষে একেক সময় একেকজন অংশ নিয়েছে। আর এমপির প্রক্সি প্রার্থীকে সুবিধা দিতে পরীক্ষাকেন্দ্রসহ হল পাহারায় থাকত তার ক্যাডার বাহিনী। ভয়ে ছাত্র-শিক্ষক কেউ মুখ খুলতে পারেননি।
সর্বশেষ শুক্রবার প্রক্সি পরীক্ষার্থী এশা নিজেকে তামান্না নুসরাত বুবলী হিসেবে দাবি করেন। তবে ছবি সংবলিত প্রবেশপত্র দেখাতে পারেনি। এমপি তামান্নার পরীক্ষা কীভাবে দিচ্ছেন তা জানতে চাইলে তোর কোনো সঠিক জবাব দিতে পারেননি প্রক্সি পরীক্ষার্থী এশা।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ভুয়া বা প্রক্সি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার বিধান থাকলেও তা করেননি পরীক্ষা নিয়ন্ত্রক। অনেকটা বীরদর্পে হল থেকে বেরিয়ে যান ওই পরীক্ষার্থী।
তবে নরসিংদী সরকারি কলেজ পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, পরীক্ষার্থীর ছবি সংবলিত প্রবেশপত্র ছিল না। প্রবেশপত্র নাকি হারিয়ে গেছে। তবে থানার জিডি কপি নিয়ে পরীক্ষা হলে পরীক্ষায় অংশ নিতে আসছেন। তাই আমরা চিনতে পারিনি। বিষয়টি জানার পর প্রক্সি পরীক্ষার্থী এশাকে আটক করতে চেয়েছিলাম। কিন্তু দায়িত্বে ছিল মাত্র একজন পুলিশ সদস্য। তাই কথা বলার ফাঁকে সে দৌড়ে পালিয়ে যায়। তবে পরে অনেক পুলিশ সদস্যই কলেজে এসেছেন।
এসব বিষয়ে কথা বলতে নরসিংদী সংরক্ষিত আসনের মহিলা এমপি তামন্না নুসরাত বুবলীকে ফোন করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তিনি ঢাকায় এমপি হোস্টেলে রয়েছেন বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠজন।
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ বলেন, জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেয়া তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাকে পরীক্ষা থেকেও বহিষ্কার করা হয়েছে। একসঙ্গে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে আদেশ দেওয়া হয়েছে।