ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, ছাত্ররাজনীতিতে ছাত্রলীগের কর্মকাণ্ড নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
সংগঠনের নীলফামারী জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১টার দিকে শহরের কালীবাড়ি মোড়ে দলের অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকা নিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রীদাম দাস, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন, জেলা কমিটির সদস্য ম আ শামীম, মাহবুব ইসলাম, প্রিন্স চাকলাদার, দেলোয়ার হোসেন জাভিসকো, উদাস রায়, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ।
বক্তারা দাবি করেন, ‘জনগণের ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৈশ্যকালীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ লুটপাটের মহোৎসব করছে। ক্ষমতায় পাকাপোক্ত করে বসতেই জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে সরকার।’
বক্তারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের ভেতর দিয়ে সরকারি দলের ফ্যাসিবাদী আক্রমণের দানবীয় রূপ ফুটে উঠেছে।