শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে উড়ন্ত সূচনা করেছে আয়োজক চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।
শনিবার বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধে আদায় করে আরো এক গোল।
ম্যাচের ৮ মিনিটে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ার ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ। দুই মিনিটের ব্যবধান বাড়ায় আয়োজক দল। এবার গোলদাতা ইয়াসিন আরাফাত। ৩৯ মিনিটে ম্যাথিউ নিজের দ্বিতীয় গোল আদায় করলে ৩-০ গোলে লিড পায় চট্টগ্রাম আবাহনী।
প্রথমার্ধেই ভেঙে পড়া টিসি স্পোর্টস দ্বিতীয়ার্ধে পারেনি খেলায় ফিরতে। ৭১ মিনিটে চতুর্থ গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে। এবার গোলদাতা মন্টেনেগ্রোর ফরোয়ার্ড লুকা রোতকোভিচ। ৮৮ মিনিটে ইসা ইসমাইল টিসি স্পোর্টসের পক্ষে সান্ত্বনার এক গোল করেন।
ম্যাচজুড়ে দুর্দান্ত খেলায় এম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জামাল ভূঁইয়া। মূলত সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড় তিনি। অতিথি খেলোয়াড় হিসেবে খেলছেন চট্টগ্রাম আবাহনীতে।
২০১৫ সালে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম আবাহনী। ২০১৭ সালে দ্বিতীয় আসরে শিরোপা জিতে নেয় টিসি স্পোর্টস।