মেট্রো ট্রেনের টিকিটের দাম বাড়ানোর প্রতিবাদে সহিংস বিক্ষোভ সামাল দিতে চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিক্ষোভকারীদের অধিকাংশই স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ভূগর্ভস্থ কয়েকটি স্টেশনে হামলা চালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিলে নগরজুড়ে ব্যাপক নৈরাজ্যের সৃষ্টি হয়।
চিলি লাতিন আমেরিকার অন্যতম সম্পদশালী দেশ হলেও দেশটিতে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য দৃশ্যমান। রাজধানী সান্তিয়াগোতে জীবনযাপনের ব্যয় বাড়ার অভিযোগ ক্রমাগত বাড়ছে। অর্থনৈতিক সংস্কারের আহ্বানও রয়েছে। এর মধ্যে নতুন করে মেট্রোর টিকিটের দাম বাড়ায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
সান্তিয়াগোতে জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট সিবাস্তিয়ান পিনেরা এক টেলিভিশন ভাষণে বলেছেন, এর লক্ষ্য হলো জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা আর ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা।