অপেক্ষার ফল পেলেন তুষি

লাক্স তারকা নাজিফা তুষির প্রথম সিনেমা রেদওয়ান রনির ‘আইসক্রিম’। মূলত এ সিনেমায় অভিনয়ের মাধ্যমেই তার অভিনয় ক্যারিয়ার শুরু। প্রথম সিনেমাতেই বেশ আলোচনায় আসেন এই গ্ল্যামারাস নায়িকা। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। কিন্তু কখনো তাকে টেলিভিশন নাটকে পাওয়া যায়নি। সমসাময়িক অনেকেই বেশিরভাগ সময় নাটকে ব্যস্ত থাকলেও তিনি ঘরে বসে থেকেছেন। ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। কারণ, শুধু ভালো সিনেমাতেই কাজ করার ইচ্ছে তার। একটি ভালো সিনেমার জন্যই তার এই দীর্ঘদিনের অপেক্ষা। এ প্রসঙ্গে তুষি বলেন, ‘আমার আসলে কোনো তাড়াহুড়া নেই। অভিনয় করে অনেক উপার্জন করার কথাও ভাবি না। শুধু ভালো কিছু সিনেমায় কাজের স্বপ্ন দেখি, যা আমাকে অনেক দিন দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে।’

এবার সেই দীর্ঘ অপেক্ষার ফল পেলেন তুষি। এর মধ্যে একাধিক জনপ্রিয় নির্মাতার বেশ কিছু ভালো সিনেমার সঙ্গে তুষির নাম জড়ালেও কোনো সিনেমাতেই আর তাকে শেষ পর্যন্ত দেখা যায়নি। কোনো কোনো সিনেমা হয়তো নির্মাণও হয়নি শেষ পর্যন্ত। কিন্তু এবার মেধাবী নির্মাতা মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নতুন সিনেমা ‘হাওয়া’তে দর্শক তাকে দেখতে পাবেন।

নাজিফা তুষি জানান, আমি কখনই কোনো কাজ শুরু করার আগে কাউকে জানাই না। এবারও তাই হয়েছে। এখন ‘হাওয়া’ সিনেমার শ্যুটিং চলছে বঙ্গোপসাগরের কোলঘেঁষা সেন্টমার্টিন দ্বীপে। তাই এখন সবাই জানতে পারছেন যে আমি নতুন সিনেমা করছি।

তবে কী ধরনের চরিত্রে কাজ করছেন তা এখনই জানাতে চান না তুষি। এ সিনেমায় আরও রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল  চৌধুরী, শরিফুল রাজসহ অনেকে। সেন্টমার্টিনে টানা এক মাস চলবে এর শ্যুটিং। এরপর শ্যুটিং হবে কক্সবাজারে। নির্মাতা  মেজবাউর রহমান সিনেমাটি নিয়ে জানান, এটি শুধু মাটির গল্প নয় বরং পানির গল্প, সমুদ্রের গল্প। সম্পর্ক, প্রতিশোধ এবং মৃত্যুকে উপজীব্য করে এই গল্প সাজিয়েছেন বিজ্ঞাপন জগতের এই মেধাবী নির্মাতা। ‘হাওয়া’ চলচ্চিত্রের চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

তুষির ইচ্ছা ছিল অভিনয়ের ওপর পড়াশোনা করার। কিন্তু আমাদের দেশে ঢাকা আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া মানসম্মত তেমন কোনো প্রতিষ্ঠানে অভিনয়ের ওপর পড়াশোনা করার সুযোগ নেই। এই দুটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে মিডিয়ায় কাজ করাটাও খুব কঠিন। তাই তিনি এখন আইইউবিতে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ওপর পড়াশোনা করছেন। তিনি বলেন, ‘সরাসরি অভিনয়ের না হলেও এটিও মিডিয়াকেন্দ্রিক পড়াশোনা। ইচ্ছা আছে ভবিষ্যতে দেশের বাইরে গিয়ে অভিনয়ের ওপর উচ্চতর পড়াশোনা করার।’