হবিগঞ্জে কৃমির ওষুধ খেয়ে শিশুর মৃত্যু দুই ভাই অসুস্থ

হবিগঞ্জে কৃমিনাশক খেয়ে সাথী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে তার দুই ভাই। সাথী হবিগঞ্জ সদর উপজেলার চারনাও গ্রামের সিরাজুল ইসলামের কন্যা। সে  স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার অসুস্থ দুই ভাই তোফাজ্জুল ইসলাম (১০) ও রবিউল ইসলামকে (৪) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাজিউড়া ইউপির চেয়ারম্যান শেখ কামাল জানান, গত শুক্রবার রাতে তিন সন্তানকে কৃমিনাশক খাওয়ান সিরাজুল ইসলাম। সেবনের কিছুক্ষণ পরই তারা বমি করতে থাকে। সঙ্গে সঙ্গে তাদের সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হায়দার আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের দেখে তথ্য সংগ্রহ করি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।