বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় সংবাদমাধ্যম গতকাল বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, বাংলাদেশের ৩ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েটিতে কোহলির বিশ্রাম নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘সে টানা খেলছে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল, বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা খেলতে থাকা কোহলির একটা বিশ্রাম খুব দরকার। খেলোয়াড়দের ওয়ার্ক লোড ব্যবস্থাপনা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। যারা তিন সংস্করণেই খেলে তাদের ব্যাপারটা আমরা বিশেষভাবে বিবেচনা করছি। আমরা ক্রিকেটারদের সজীব থাকার বিষয়টি নিশ্চিত করতে চাই। এর ফলে তিন সংস্করণেই তারা শীর্ষে থাকতে পারবে।’ বিরাট কোহলিকে বিশ্রামের বিষয়ে সম্মত হন ভারতীয় দলের নির্বাচকমণ্ডলীর সদস্যরা। ক্রিকেট ক্যালেন্ডারে পরপর সিরিজের কারণেই অধিনায়ককে বিশ্রামের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সিরিজের পর উইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলবেন বিরাট-রোহিতরা। এরপর ২০২০-এর শুরুতে নিউজিল্যান্ডে উড়ে যাবে ভারতী দল। ২০১৮-র মধ্যবর্তী সময় থেকেই অধিকাংশ টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়েছেন বিরাট। দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ৩০ অক্টোবর ভারতে যাবে বাংলাদেশ দল।