দেশে শতাধিক মাল্টিপ্লেক্স সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকার মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে ২০টি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী ১০০টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় মাল্টিপ্লেক্স হলের যাত্রা শুরুর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এর আগে বসুন্ধরা সিটি ও ধানমন্ডির সীমান্ত সম্ভার (প্রাক্তন রাইফেলস স্কয়ার)-এ হল চালু করা হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান, অভিনেতা ও নির্দেশক সালাউদ্দীন লাভলু, চিত্রনায়ক ফেরদৌস, সায়মন সাদিক, নিরব প্রমুখ। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মহাখালী, রামপুরাসহ ঢাকা উত্তরের এই এলাকার দর্শকদের কথা মাথায় রেখেই হলটি করা হয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং ও মিডিয়া মেসবাহ উদ্দিন আহমেদ।
মাহবুব রহমান রুহেল বলেন, ‘মহাখালী ও এর আশপাশের দর্শকদের জন্য এটি নতুন মাত্রা যোগ করবে। আসলে দর্শকদের ভালোবাসাই আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমরা শুরু থেকেই দেশের দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রয়াস। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরও অনেক দূর যেতে চাই।’