সীমান্তে বাংলাদেশি আটক, পতাকা বৈঠকে সাড়া দেয়নি বিএসএফ

নেত্রকোনার কলমাকান্দায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশি এক যুবক। উপজেলার লেঙ্গুরা কালাপানি সীমান্তে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

ফ্রাংকম্যান সাংমা (২৫) নামের ওই যুবক গাঁওবাড়ি শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।

লেঙ্গুরা সীমান্তের বিজিবি ক্যাম্প সুবেদার আবুল কাশেম জানান, উপজেলার পাঁচগাও সীমান্তের মাইকেল জেকসন সাংমার ছেলে ফ্রাংকম্যান সাংমা। তার শ্বশুরবাড়ি গাঁওবাড়ি সীমান্তে বেড়াতে এসে ভারত সীমান্তের পিলারের ১৫০ গজ ভেতরে অবৈধভাবে ঢুকে পড়েন। তখন টহল দলের সামনে পড়ে গেলে তারা তাকে আটক করে। 

তিনি বলেন, ‘এ নিয়ে ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠালে তারা তা রিসিভ করেন। কিন্তু বিকেল ৩টায় আমি তাদের এখানে গেলে তারা কোনো রেসপন্স করেননি।

পরে জানা যায় আটককে মামলা দিয়ে থানায় দিয়ে দিয়েছে। এখন জেল খেটে হয়তো কয়েক মাস পর তাকে আসতে হবে।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা বিজিবি কর্নেল কবির সরকার বলেন, ‘আমরা তাৎক্ষণিক পতাকা বৈঠকের জন্য চেষ্টা করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।’