প্রথম ছবি মুক্তির দিন রানির জীবনে আসে বড় অঘটন

বলিউডে অভিষেকের দিন রানি মুখার্জির জীবনে ঘটে যায় বড় এক অঘটন। ১৯৯৬ সালের সেই দিনে তার বাবা রাম মুখার্জি হার্ট-অ্যাটাক করেন!

রানির প্রথম সিনেমা ছিল ‘রাজা কি আয়েগি বারাত’। ছবি যে দিন মুক্তি পাবে, ঠিক সেদিন তড়িঘড়ি করে তার বাবার বাইপাস সার্জারি করানো হয়।

এক সাক্ষাৎকারে রানি বলেন, ‘বেশ কিছু দিন ধরেই বাবা ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। যে দিন আমার প্রথম ছবি মুক্তি পাওয়ার কথা, সে দিনই বাবার বাইপাস সার্জারি হয়। বাবা চেয়েছিলেন আমার ছবি মুক্তির পরেই অস্ত্রোপচার করাতে। কিন্তু তার অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে, বাধ্য হয়ে ওই দিন অস্ত্রোপচার করতে হয়।’

রানি যোগ করেন, ‘অপারেশন হওয়ার প্রায় দুইদিন পর বাবার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পরই তার প্রথম কথা, সিনেমা কেমন চলছে, দর্শকদের কেমন লেগেছে?’

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি না গিয়ে হুইলচেয়ারে করে মেয়ের প্রথম ছবি দেখতে যান রাম মুখার্জি। সিনেমা হলে দর্শকদের প্রতিক্রিয়া দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। শিশুর মতো কেঁদে ফেলেছিলেন।

রানি বলেন, ‘বাবার সেই প্রতিক্রিয়ার কথা কোনো দিনও ভুলতে পারব না।’

‘রাজা কি আয়েগি বারাত’ বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল। রানির অভিনয়ও প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। এর পর রানিকে আর ফিরে তাকাতে হয়নি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘বাদল’, ‘মেহেন্দি’, ‘চলতে চলতে’, ‘হাম তুম’ একের পর এক হিট সিনেমা জমা হতে থাকে তার ঝুলিতে।