কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের গুলিতে অন্তত নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ছয়জন পাকিস্তানের আর তিনজন ভারতের বলে দুই দেশ দাবি করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রোববার ভারতের কুপওয়ারা জেলার টংধড় পাহাড়ি অঞ্চলে এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এএফপিকে বলেন, পাকিস্তানি সেনাদের গুলিতে দুজন সেনা ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন। হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং তিনজন বেসামরিক লোক হাসপাতালে চিকিৎসাধীন।
পাকিস্তানশাসিত কাশ্মীরের কর্মকর্তারা বলছেন, মুজাফফরাবাদ ও নিলম উপত্যকায় ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন এবং অপর আটজন আহত হয়েছেন।
বিজেপি সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের রাজ্য ও বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায়শই সংঘাতে জড়াচ্ছে দুই দেশের সেনাবাহিনী।
সীমান্তে যুদ্ধবিরতি থাকলেও দুই দেশের সেনারা সেটা উপেক্ষা করেই সংঘাতে জড়াচ্ছে। আর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করে আসছে ভারত ও পাকিস্তান।