ডিএসসিসি’র অভিযানের এক ঘণ্টা পরই দখল ফুটপাত

উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত করা যাচ্ছে না রাজধানীর কিছু এলাকার ফুটপাত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রবিবার অভিযানে গিয়ে তোপখানা রোডসহ প্রেস ক্লাবের পাশের ফুটপাত দখলমুক্ত করে। কিন্তু অভিযান শেষ হওয়ার এক ঘণ্টা পরেই সেখানে আবার দোকানিদের বসতে দেখা যায়।

এদিন তোপখানা ছাড়াও রাজস্ব ভবন, দুদক কার্যালয় ও বিভাগীয় কমিটির কার্যালয় এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ডিএসসিসি। এসব ফুটপাত দীর্ঘদিন দখলে রেখেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

রবিবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। পরে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘উচ্ছেদ করে দায়িত্ব শেষ নয়। এখন থেকে দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সরেজমিন সেগুনবাগিচায় ২০ নম্বর কাউন্সিল কার্যালয়ের সামনের ফুটপাতে সারি সারি ফল, সবজিসহ বহু দোকান দেখা যায়। এক ফল বিক্রেতা বলেন, ‘বেচা-বিক্রি নিয়ে সমস্যা হয় না। যারা উচ্ছেদ করে, তারাই আবার বসান। সিটি করপোরেশনের লোক মাঝেমধ্যে এসে দোকান তুলে দেন। ক্ষতি এড়াতে একটু সচেতন থাকতে হয়।’

প্রেস ক্লাবের সামনের চা বিক্রেতা মামুন জানান, ১৫ বছর ব্যবসা করছেন। কাউকে টাকা দিতে না হলেও মাঝেমধ্যে উচ্ছেদ করা হয়। পরে আবার সুযোগ বুঝে বসতে হয়।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, প্রায়ই উচ্ছেদ অভিযান হয়। কাজের কাজ কিছুই হয় না। প্রভাবশালীদের মদদে দুদিন না যেতেই ফুটপাত দখল হয়ে যায়।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন মুঠোফোনে বলেন, ‘ফুটপাত দখলদারদের একবিন্দু ছাড় দেওয়া হবে না। ফুটপাত পথচারীদের জন্যই রাখা হবে।’