বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার ওপর রুশ ভাষায় অনূদিত তিনটি বই প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইগুলো হস্তান্তর করেন রাশিয়ান একাডেমি অব সায়েন্সের ও ওরিয়েন্টাল স্টাডিজের অধ্যাপক ড. ভি নাওমকিন। তিনি ওই তিন বইয়ের অনুবাদক ও প্রকাশক। বইগুলো হলো ‘শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জন্ম’ ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত স্মৃতি কথা’ ও ‘শেখ হাসিনার সঙ্গে অধ্যাপক ড. ভি নাওমকিনের আলাপচারিতা’।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার সঙ্গে অধ্যাপক ড. ভি নাওমকিনের আলাপচারিতা বইটি রুশ ভাষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি এ তিনটি ভাষায়ও প্রকাশিত হয়েছে। অধ্যাপক নাওমকিন প্রধানমন্ত্রীকে আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত স্মৃতি কথা’ বইটি ব্যাপকভাবে বিতরণের পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।