রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২১ অক্টেবর) সকাল ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্যে দিয়ে দুই দিনব্যাপী এ ভর্তি যুদ্ধ শুরু হয়।
এবার ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন তিনটি শিফটে দুইটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ইউনিট-এ’র গ্রুপ-১ পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১১টা ৪৫ থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত ইউনিট-এ’র গ্রুপ-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ইউনিট-বি এর গ্রুপ-১ (বাণিজ্য) এবং ইউনিট-বি এর গ্রুপ-২ (অ-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, সকালে সাড়ে নয়টার দিকে পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে কোনো প্রকার জালিয়াতির সুযোগ নেই। কেউ যাতে জালিয়াতি করতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে।’
এবারের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু ৩১ হাজার ১২৯ জন, ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৭৩২ জন এবং ‘সি’ ইউনিটে ৩১ হাজার ২২৯ জন ভর্তিচ্ছু রয়েছেন।