সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে অনুমতির বিধান নিয়ে রুল

সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা সম্বলিত সরকারি কর্মচারী আইনের  ৪১ (১) ধারার বিধান কেন সংবিধান পরিপন্থী হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই বিধান চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

সরকারি কর্মচারী আইনের ওই বিধানে রয়েছে, কোনো সরকারি কর্মচারীর দায়িত্ব পালনের সহিত সম্পর্কিত অভিযোগে দায়েরকৃত ফৌজদারি মামলায় আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হবার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি লাগবে।

আইনের এ বিধানসহ আরও বেশ কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।