মন্দিরে হামলা ঠেকাতে মাদ্রাসাছাত্রদের ব্যারিকেড

রোববার ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও জনতার সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় বিক্ষোভ চলাকালে সনাতন ধর্মের একটি মন্দিরের নিরাপত্তার দিতে ব্যারিকেড গড়ে তুলতে দেখা গেছে হাটহাজারী কওমি মাদ্রাসার ছাত্রদের। 

জানা গেছে, বোরহানউদ্দিনের সংঘর্ষের ঘটনায় রবিবার বিকাল সোয়া ৫টার দিকে হাটহাজারীতে বিক্ষোভ করেন ছাত্ররা। এসময় কেউ কেউ পাশের সীতাকালী কেন্দ্রীয় মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করে। তবে মাদ্রাসার ছাত্ররা তাদের রুখে দেন।

মন্দির পরিচালনা কমিটির সদস্য শ্যামল নাথ বলেন, বিক্ষোভের সময় কয়েকজন মন্দিরের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা হলে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের রুখে দেন।

তিনি জানান, শ্রী শ্রী সীতাকালী মন্দির ও মাদ্রাসার বড় মসজিদটি পাশাপাশি। এটি হাটহাজারী নয়, সারাবিশ্বের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নিদর্শন। 

হাটাহাজারী মাদ্রাসার শিক্ষক এবং হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানি বলেন, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে প্রায় ১২০ বছর। কখনও মন্দির নিয়ে সনাতন সম্প্রদায়ের সঙ্গে আমাদের ঝামেলা হয়নি। মন্দিরটি আমাদের মসজিদের দেওয়াল ঘেঁষা তারপরও এই মন্দিরে পূজা-অর্চনা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সমস্যায় পড়তে হয়নি। অস্থিতিশীল পরিস্থিতিতে আমাদের ছাত্ররা সবসময় মন্দির পাহারা দেন। গতকালও (রোববারও) তারা মন্দিরে পাহারা দেন।
ছবিটি রোববার রাত থেকে ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রদের প্রশংসা করেন অনেকে।