যথাযথ সম্মান চান ক্রিকেটাররা

যে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তার মধ্যে এসেছে যথাযথ সম্মান পাওয়া প্রসঙ্গ। এমনকি ১১ দফার দাবির মধ্যে প্রথম দফা পেশ করার সময়ই যথাযথ সম্মান না পাওয়ার কথা বলেছেন ক্রিকেটাররা।

সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন, ম্যাচ ফি বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা এসেছে ক্রিকেটারদের দাবিতে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা সহ ঘরোয়া ক্রিকেটের শীর্ষ তারকারা।

১১টি দাবি উপস্থাপন করেছেন মোট ১০ জন ক্রিকেটার। সাকিব আল হাসান উপস্থাপন করেন দুটি দাবি। সঙ্গে ধর্মঘটের ডাকটা আসে বাংলাদেশের দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের কাছ থেকেই।

প্রথম দাবিটি পেশ করেন নাঈম ইসলাম। আর তার কণ্ঠে শুরুতেই আসে যথাযথ সম্মান পাওয়া প্রসঙ্গ। নাঈম বলেন, ‘আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আমাদের ক্রিকেটারদের কিছু সমস্যা আছে, কিছু দাবি-দাওয়া আছে। যে জিনিসগুলো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই।’

জাতীয় দলের সাবেক এই তারকা বলেন, ‘প্রথম বলতে চাই আমাদের সম্মানের ব্যাপার। আমরা খেলোয়াড়রা, ওভার অল যতজন খেলোয়াড় আছি, আমরা যতটুকু সম্মান ডিজার্ভ করি, আমাদের মনে হয় না ততটুকু সম্মান আমরা পাই।’

এরপরই ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) প্রসঙ্গ টানেন নাঈম। বলেন, ‘আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আছে- কোয়াব। অ্যাসোসিয়েশনের কার্যক্রম যদি আপনারা দেখেন, আমাদের ক্রিকেটারদের পক্ষে ওনাদের ওই ভাবে কখনোই আমরা পাইনি। তাই আমাদের প্রথম দাবি হচ্ছে, কোয়াবের সেক্রেটারি, প্রেসিডেন্ট যারাই আছেন কোয়াব রিলেটেড, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

নাঈম যোগ করেন, ‘যেহেতু এটা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, আমরা ক্রিকেটাররাই নির্বাচনের মাধ্যমে পছন্দ করব, কারা এখানে সভাপতি-সাধারণ সম্পাদক হবেন।

সাকিব ও নাঈম ছাড়া অন্য যারা দাবি উত্থাপন করেন তারা হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এনামুল হক জুনিয়র, এনামুল হক বিজয়, জুনায়েদ সিদ্দিকি, নুরুল হাসান ও ফরহাদ রেজা।

দেখুন ভিডিও: