বেতন বকেয়া, তাই পরীক্ষার্থীদের হল থেকে বের করে দেয়া হলো

সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজে বকেয়া বেতনের পরিশোধ না করায় ১০৯ জন পরীক্ষার্থীকে হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে, হল থেকে বের করে দেয়া পরীক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় কাউন্সিলর প্রতিষ্ঠানে ছুটে আসেন। পরে তারা অধ্যক্ষকে বকেয়া বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে দেন অধ্যক্ষ।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে আগামী-২০ সালের এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা গত মঙ্গলবার থেকে শুরু হয়। এতে তিনটি বিভাগ থেকে মোট ২৭৬ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিদিনের মতো সোমবার সকাল ১০টায় বাংলা ২য়পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করতে হলে প্রবেশ করলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শিক্ষকদের নির্দেশ দেন যাদের বেতন বকেয়া আছে তাদের পরীক্ষার খাতা না দিয়ে হল থেকে বের করে দিতে।

অধ্যক্ষের এ আদেশে বাধ্য হয়ে শিক্ষকরা মানবিক বিভাগের ২৯জন, বাণিজ্য বিভাগে ৪২জন ও বিজ্ঞান বিভাগে ১৬জন পরীক্ষার্থীকে খাতা না দিয়ে হল থেকে বের করে দেন। এ খবর প্রতিষ্ঠানের অন্য ক্লাসের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে তা কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফেসবুকে পরীক্ষার্থীদের হল থেকে বের করে দেয়ার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর ও প্রতিষ্ঠানটির অভিভাবক কমিটির সদস্য দুলাল মিয়া ও পরীক্ষার্থীদের অভিভাবক। তারা অধ্যক্ষের রুমে গিয়ে দু’একদিনের মধ্যে পরীক্ষার্থীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে অঙ্গীকার করলে অধ্যক্ষ তাদের পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেন। 

নাম না প্রকাশ করা শর্তে শিক্ষার্থীরা জানান, আমাদের কয়েক মাসের বেতন বকেয়া হয়েছে। আমরা বলেছি আস্তে আস্তে পরিশোধ করার কথা বললেও স্যার আমাদের পরীক্ষার খাতা না দিয়ে হল থেকে বের করে দেন। আমরা অনুরোধ জানালেও তিনি আমাদের কোন কথা শুনতে রাজি হননি।

এ ব্যাপারে কাউন্সিলর দুলাল জানান, পরীক্ষার্থীরা বকেয়া বেতন পরিশোধ না করায় খাতা না দিয়ে হল থেকে বের করে দিয়েছে। এ খবর শুনে আমি দ্রুত বিদ্যালয়ে গিয়ে অধ্যক্ষকে অনুরোধ করি বেতনের জন্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি কথা দিলাম পরীক্ষার্থীরা বেতন না পরিশোধ করলে আমি পরিশোধ করবো। পরে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়।  

এ ব্যাপারে সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া জানান, আমি আজ প্রতিষ্ঠানে ছিলাম না। আমার পরিবর্তে বিদ্যালয়ের দায়িত্ব ছিল সহকারী অধ্যক্ষ এখলাস স্যার। তিনি বলতে পারবেন কি হয়েছে বিদ্যালয়ে। তবে আমি জানি শিক্ষার্থীরা অনেক দিন যাবৎ বেতন পরিশোধ করছে না। সে জন্য হয়তো তাদের হল থেকে বের করে দেয়া হয়েছে।