শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং, মারধর, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের হয়রানি প্রতিরোধে দেশে সর্ব প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘স্টুডেন্ট কমপ্লেইন সেল’ নামে ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে।
সোমবার চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই ওয়েব পেজের উদ্বোধন করেন উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার। শিক্ষার্থীরা www.cuproctor.org এ লগইন-এর মাধ্যমে এ ওয়েব পেজটি ব্যবহার করতে পারবে।
জানা যায়, বিভিন্ন সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের র্যাগিং, মারধর, ছিনতাই, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটে। অনেক সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা অপরাধীর রাজনৈতিক পরিচয়, প্রভাব-প্রতিপত্তি বিবেচনা করে এবং ফের হয়রানির শিকারের আশঙ্কায় এসব বিষয়ে অভিযোগ করেন না। এসব ঘটনা বন্ধে ভুক্তভোগীকে নিরাপদে তাদের অভিযোগ দিতে ও এসব ঘটনা বন্ধে এই ওয়েব পেজটি তৈরী করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবক, ভর্তি–ইচ্ছুক ও দর্শনার্থীরাও অভিযোগ জানাতে পারবেন। শিক্ষার্থীরা পেজটিতে লগইন করে তাদের অভিযোগ জানাবে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করতে প্রমাণাদি সাবমিট করবে।
অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তদন্ত শুরু করে শৃঙ্খলা কমিটির মাধ্যমে ব্যবস্থা নিবেন। এছাড়াও অভিযোগকারী অভিযোগের সময় প্রাপ্ত সিরিয়াল নাম্বার দিয়ে তদন্তর অগ্রগতি সম্পর্কেও জানতে পারবেন। পুরো প্রক্রিয়াটিতে নিরাপত্তার স্বার্থে অভিযোগকারী নাম গোপন রাখা হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘মিড ডে ড্রিমস’ এই ওয়েবপেইজটি তৈরি করেছে এটি।
ওয়েবপেইজ উদ্বোধন অনুষ্ঠানে চবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, এই ওয়েব পেজ বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ জানানোর একটি নিরাপদ প্লাটফর্ম। সত্যিকারের অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-গবেষণার অবিরাম ধারাকে নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে সম্মানিত শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হয়রানি বন্ধে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই এই ওয়েব পেজ উদ্বোধন করা হলো। এটি নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় ইতিহাসে অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ।
মিথ্যা অভিযোগে কেউ যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়েও বিশেষভাবে নজরদারির জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব রেজাউল করিম ও সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন।