অবৈধভাবে বাঘ-হরিণের চামড়াসহ বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া ও চামড়ার তৈরি বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে রাজধানীর পরিবাগ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করেছে বন অধিদপ্তর ও র্যাব।
সোমবার বিকেল ৪টার দিকে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে সঙ্গে নিয়ে র্যাব এই অভিযান চালায়। এ সময় একটি দোকানের দুই মালিক মমিনুল ইসলাম ও তার ভাই হুমায়ুন কবিরকে এক বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়ে বলেন, সেখান থেকে জব্দ করা হয়েছে বন্যপ্রাণীর ২৮৮টি চামড়া ও চামড়া দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পণ্য।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকন দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম র্যাবের সমন্বয়ে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায় হরিণ, গোখরা সাপ, গুই সাপ, অজগর, হরিণসহ বিভিন্ন বন্য প্রাণীর চামড়া ও চামড়া দিয়ে তৈরি পণ্য বিক্রি করছিল তারা।
সরোয়ার আলম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্যপ্রাণী শিকার করা, মারা, খাওয়া, ক্রয়-বিক্রয়, পাচার ও দখলে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী দেশের সম্পদ, জীবন-জীবিকা ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী চামড়া ও চামড়া দিয়ে তৈরি আসবাবপত্র বিক্রি করায় দোকানের মালিক দুজনকে সাজা দেওয়া হয়েছে।