চীন-যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত: আইএমএফ

বিশ্ব অর্থনীতিতে আরো কয়েক বছর মন্দা থাকবে। তবে এরপর কোথাও কোথাও তা ঘুরে দাঁড়াবে- এমন আভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। 

তাদের মতে, অর্থনীতির শ্লথগতি চলবে আরো পাঁচ বছর। বিশ্ব অর্থনীতিতে অবদানের নিরিখে ২০২৪ সালে ভারত উঠে আসতে পারে কয়েক ধাপ ওপরে। অন্য দিকে তালিকায় নিচের দিকে নামবে চীন।

ভারতীয় গণমাধ্যম জানায়, বর্তমানে অধিকাংশ দেশে আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী। কিংবা যে হারে আশা করা গিয়েছিল, তার চেয়ে অনেক কম। চীন-যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধের প্রভাব গোটা বিশ্বের অর্থনীতিতে পড়ছে। ব্রেক্সিট থেকে ব্রিটেনের বেরিয়ে আসার প্রভাবে ইউরোপের অর্থনীতি। সব মিলিয়ে শিল্প-বিনিয়োগে ভাটার টান। আর এতে আন্তর্জাতিক বাণিজ্য চলছে ঢিমেতালে। এ পরিস্থিতিতে বিশ্বের আর্থিক বৃদ্ধির হার কেমন হবে এবং কোন দেশের অবদান তাতে কেমন থাকবে, তা নিয়ে সম্প্রতি একটি সম্ভাব্য নির্দেশিকা প্রকাশ করেছে আইএমএফ।

সেই সম্ভাব্য নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৪ সাল পর্যন্ত এই মন্দার প্রভাব থাকবে বিশ্বের ৯০ শতাংশ দেশের অর্থনীতিতে। তবে ২০০৮-০৯ সালে বিশ্বজুড়ে যে মন্দা দেখা দিয়েছিল, সে পরিস্থিতি হবে না বলেই মত আইএমএফ এর। 

আইএমএফ মনে করছে, ২০১৯ সালেই আর্থিক বৃদ্ধি কমতে পারে ৩ শতাংশ পর্যন্ত।

সামগ্রিক অর্থনীতির এ চিত্রের পাশাপাশি, মুখ্য দেশগুলির অর্থনীতি এবং বৃদ্ধির হার কেমন হবে, তারও একটি সম্ভাব্য রূপরেখা তৈরি করেছে আইএমএফ। বর্তমানে বিশ্বের জিডিপি বৃদ্ধির হারে যুক্তরাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি ২৪.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তাদের অবদান ১৬.১ শতাংশ। এরপর তৃতীয় ও চতুর্থ স্থানে জাপান (৫.৯৩) ও জার্মানি (৪.৬৭)। ভারতের (৩.৩৬) স্থান পঞ্চমে।

আইএমএফ এর সম্ভাব্য রূপরেখায় চীনের প্রভাব যেমন কমতে পারে, তেমনি ভারত উঠে আসতে পারে শক্তিশালী অর্থনীতি হিসেবে এবং বিশ্ব অর্থনীতিতে অবদানও সেই অনুযায়ী বাড়বে।