গুজব প্রতিরোধে সর্বস্তরের মানুষের সঙ্গে নাগরিক সম্প্রীতি সমাবেশ করেছে জেলা পুলিশ। সোমবার বিকেলে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া ইসলামি মাদ্রাসা মাঠে এ সমাবেশ হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
সদর থানার ওসি আব্দল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরো, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোসাদ্দেক ফেরদৌসি ও শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান বক্তব্য দেন।
এ সময় বক্তারা ভোলায় ঘটে যাওয়া সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তি দাবি করেন। পাশাপাশি গুজবে কান না দিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।