ইরানি হ্যাকার দলের ওপর আক্রমণ করে প্রায় ২০টি দেশের তথ্য হাতিয়ে নিয়েছে রাশিয়ান হ্যাকার দল। সাইবার হামলায় আক্রান্ত দেশগুলোর অধিকাংশই মধ্যপূর্ব এশিয়ার বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের অ্যাকাডেমিক ইনস্টিটিউশনে হওয়া এক সাইবার আক্রমণের তদন্ত করতে গিয়ে এই ‘চোরের ওপর বাটপারির’ বিষয়টি জানতে পেরেছে দেশটির গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর সুরক্ষা বিভাগ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)। ২০১৭ সালে শুরু হওয়া ওই তদন্তে জানা গেছে, প্রথমে ইরানভিত্তিক হ্যাকার দল ‘অয়েলরিগ’ বেশ কিছু দেশের তথ্য হাতিয়ে নেওয়ার জন্য সাইবার আক্রমণ শুরু করে। কিন্তু পরে তাদেরকেই লক্ষ্য করে আক্রমণ চালায় রাশিয়ান হ্যাকার দল ‘টার্লা’। ইরানি হ্যাকারদের চুরি করা তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি তাদের হ্যাকিং টুলস ও প্রবেশাধিকার ব্যবহার করে আরও বড় পরিসরে হামলা চালায় রাশিয়ান ওই হ্যাকাররা।
এনসিএসসি জানিয়েছে, ব্যক্তিগত ও সরকারি গোপন তথ্য-নথি হাতিয়ে নেওয়ার লক্ষ্যেই সাইবার হামলাটি চালানো হয়েছিল। রাশিয়ান হ্যাকাররা চেয়েছিল ওই সাইবার হামলার দায়ভার ইরানি হ্যাকারদের ওপর চাপিয়ে দিতে।