ভারতের ব্যবসায়ী সংগঠন তার সদস্যদের মালয়েশিয়া থেকে পামতেল আমদানি না করতে অনুরোধ জানিয়েছে। ভারত সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাশ্মীর ইস্যুতে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানায়। এ প্রেক্ষিতে ব্যবসায়ীরা দেশটি থেকে পামতেল আমদানি নিষিদ্ধের দাবি জানায়।
খবর দ্য স্টার ডটকম।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারত পামতেল আমদানি সীমিত করার উপায় খুঁজছে। মালয়েশিয়া থেকে আসা অন্য পণ্যের ওপরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
এ প্রেক্ষিতে মালয়েশিয়ায় পামতেলের দাম কমে যায়। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলে, ভারত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি এ বিষয়ে।
এরপর ব্যবসায়ীরা সরকারের পক্ষ নিয়ে এ দাবি জানাল।
মুম্বাইভিত্তিক সলভেন্ট এক্সট্র্যাকটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএ) প্রেসিডেন্ট আতুল চতুর্বেদি সোমবার বলেন, মালয়েশিয়ার সঙ্গে আমাদের জাতীয় সম্পর্কের অবনতি ঘটেছে, সে প্রেক্ষিতে তাদের দেশ থেকে আমরা যে বিপুল পরিমাণ পামতেল আমদানি করি তা নিয়ে ভাবার সময় এসেছে।
তিনি বলেন, নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে আমাদের উচিত হবে মালয়েশিয়া থেকে পামতেল আমদানি বন্ধ করা। আমাদের বিশ্বাস ব্যবসায়ীরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।
চতুর্বেদি আরো বলেন, ভারত সরকার কাশ্মীর বিষয়ে মালয়েশিয়ার অবস্থানকে ভালোভাবে নেয়নি।
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে মাহাথির কাশ্মীর প্রসঙ্গ তোলেন।
তখন মাহাথির বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে পদক্ষেপ নেওয়ার কারণ থাকতে পারে তবে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি ভুল। শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করতে হবে। ভারতের উচিত সমস্যা সমাধানে পাকিস্তানের সঙ্গে কাজ করা।’
চতুর্বেদি ভোজ্যতেল আমদানি বন্ধ করে ভারতের নিজস্ব উৎসের ওপর জোর দিতে বলেন।
২০১৮ সালে ভারত মালয়েশিয়া থেকে এক দশমিক ছয় বিলিয়ন ডলারের পামতেল আমদানি করে।
ভারত বিশ্বের সবচেয়ে বেশি ভোজ্যতেল আমদানিকারক দেশ। যার জন্য তারা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ওপর নির্ভরশীল।
আগস্টের শুরুতে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে ভারতের নরেন্দ্র মোদি সরকার।