বিশ্ব দৃষ্টি দিবস

প্রত্যেক উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রতিটি মানুষকে চোখের চিকিৎসার আওতায় আনা হবে। এজন্য প্রত্যেক উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। গতকাল সোমবার রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘দেশে প্রায় সাড়ে সাত লাখ অন্ধ লোক আছেন। অনেকেরই অপারেশন করা সম্ভব। আমরা আড়াই লাখ লোককে অপারেশন করতে পারি। তিনি বলেন, ‘৪০ হাজার শিশু অন্ধ আছে; চিকিৎসা দিলেই তারা দৃষ্টি ফিরে পাবে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের ১ হাজার ২০০ জন চোখের চিকিৎসক আছেন। কিন্তু প্রয়োজন ১ হাজার ৬০০।’ তিনি আরও বলেন, ‘যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বøাড পেশার হাই থাকে তাহলে চোখের ক্ষতি হয়। দেশের প্রায় ৬০ ভাগ লোক মৃত্যুবরণ করে নানা অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে। এই অসংক্রামক ব্যাধির কারণে মানুষ অন্ধত্ব বরণ করে।’