বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজকের শোক সমাবেশ ঢাকা মহানগর পুলিশ অনুমতি না দেওয়ায় স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার বিকেলে ঐক্যফ্রন্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এদিকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফ্রন্টের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের বিষয়ে সম্মতি পাওয়া গেছে।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতির জন্য গতকাল বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। আট সদস্যের প্রতিনিধি দলে জেএসডি সভাপতি রব ছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা জহিরউদ্দিন স্বপন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, বিকল্পধারার একাংশের মহাসচিব নুরুল আলম ব্যাপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।
পরে রব সাংবাদিক বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তাতে সম্মতি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কোনো মানা নেই। এর আগে বিএনপির এমপিওরা তার সঙ্গে দেখা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাতের বিষয়ে আইজি প্রিজনসকে বলে দেবেন।