সাতক্ষীরায় সাবেক স্বামীর ছোড়া এসিডে স্ত্রী দগ্ধ

সাতক্ষীরার আশাশুনিতে তালাকপ্রাপ্ত স্বামীর ছোড়া এসিডে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বছরের মেয়েও।

দগ্ধরা হলেন- উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের একরামুল কাদিরের মেয়ে ফাতেমা সুলতানা (২৯) ও মেয়ে জাকিয়া (২)।

আশাশুনি থানার এসআই হাসানুজ্জামান বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে জানতে পারেন তালাকপ্রাপ্ত স্বামীর ছোড়া এসিডে স্ত্রী ও কন্যা আক্রান্ত হয়ে আহত হয়েছে। খবর পেয়ে আশাশুনি থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

তবে ফাতিমার তালাকপ্রাপ্ত স্বামী শাহজাহান মোল্যাকে গ্রেপ্তার করা যায়নি। তবে রাতে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

ফাতেমা জানান, তারা স্বামী মাদকাসক্ত ও নির্যাতনকারী হওয়ায় এক বছর আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন ফাতেমা।

সোমবার রাতে বাবার বাড়িতে অবস্থানকালে তার স্বামী বাড়ির জানালার কাছে এসে ডাকে এবং সাথে সাথেই এসিড ছুড়ে মারেন। এসিড আক্রান্ত হয় ফাতেমা ও তার মেয়ে জাকিয়া।

মেয়ের চাচা সোহাগ হোসেন জানান, তারা ফাতেমার চিৎকার শুনে এসিড আক্রমণকারীকে ধরতে ধাওয়া করলেও ফাতেমার স্বামীকে ধরতে ব্যর্থ হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের ডা. ইকবাল মাহমুদ জানান, মেয়ের থেকেও মায়ের (ফাতেমা) অবস্থা খারাপ। তার বুক থেকে পেটসহ শরীরের বিভিন্ন অংশ এসিডে আক্রান্ত হয়েছে। জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে।