সামনেই মুক্তি পেতে যাচ্ছে ‘হাউসফুল-৪’ সিনেমা। সিনেমা মুক্তির মিছিলে থাকলেও প্রচারণায় নেই প্রথম দিকের পরিচালক সাজিদ খান। কারণ তার বিরুদ্ধে রয়েছে যৌন হেনস্তা করার অভিযোগ।
আর মাত্র তিন দিন পরেই মুক্তি পাবে ‘হাউসফুল ৪’। এই সিনেমায় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে ববি দেওলকে। কিন্তু ছবির পরিচালক সাজিদ খানকে দুই অভিনেত্রী এবং সাংবাদিকের ওপর যৌন নির্যাতনের অভিযোগে ছবির শুটিং-এর মাঝপথেই বার করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রযোজক সংস্থা।
পরে পরিচালকের ভূমিকায় আসেন ফারহাদ সামঝি। পরিচালক বদলের ফলে ছবির ওপর কি এর কোনো প্রভাব পড়েছে? সম্প্রতি ভারতীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ববি বলেন, ‘এক দিন শুটিং পিছিয়েছিল।#মিটুর জন্য শুটিং-এ কোনো ছেদ পড়েনি।’
ববি আরও বলেন, ‘কারও ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার পক্ষে জানা সম্ভব নয়। যা যা অভিযোগ উঠে এসেছে তা যদি সত্যি হয়, তাহলে দোষীদের যথাযথ সাজা হওয়া উচিত। কিন্তু অনেক সময় শোনা যায় মেয়েরাও ছেলেদের বিভিন্নভাবে অসুবিধের মধ্যে ফেলছেন। সেই কাহিনিগুলো প্রকাশ পায় না। আবার উল্টোটাও দেখা যায়।’
#মিটু আন্দোলন নিয়ে তার মত কী? জানতে চাইলে ববি বললেন, ‘এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই তাদের মতামত প্রকাশের সুযোগ পাচ্ছেন। তবে মানুষের উচিত তা দায়িত্ব নিয়ে প্রকাশ করা। মত প্রকাশের সুযোগ পাচ্ছেন বলেই তার অপব্যবহারও কাম্য নয়।’
শুক্রবার হাউসফুল ৪ মুক্তি পাবে। আপাতত ববি-সহ টিমের বাকি অভিনেতারা সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে সিনেমার সাফল্যের দিকেই মন দিয়েছেন।