এমপিওভুক্তির আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষকদের অনশন ভাঙিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার রাত ৯টার দিকে নন এমপিও শিক্ষক ফেডারেশনের নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রী তাদের শরবত খাইয়ে অনশন ভাঙান।

সোমবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অনশনে বসেন। এর আগে গত রবিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসে শিক্ষকদের দাবি অনুযায়ী নীতিমালা সংশোধন করতে সম্মত হলেও বর্তমান নীতিমালায় ইতিমধ্যে এমপিও চূড়ান্ত করায় তা বাতিল করার সুযোগ নেই বলে জানান মন্ত্রী। এতে অসন্তোষ প্রকাশ করে আবারও অনশনের ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর বুধবার এমপিওভূক্তির আওতায় আসছে দেশের ২৬ হাজার ২৭ শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা সাড়ে ১১টা গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ২৬২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন। একই সঙ্গে কোন পদ্ধতি, কোন মানদণ্ডে এসব প্রতিষ্ঠানকে এমপিও দেয়া হয়েছে তাও জানাবেন।

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তবে কতটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছেন তা জানান নি শিক্ষামন্ত্রী। এদিকে সর্বশেষ ২০১০ সালে ১৬২৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছিল, এবার সেই সংখ্যা দ্বিগুণ হবে বলে বৈঠকে জানিয়েছেন মন্ত্রী।