ভোলায় পুলিশের গুলির প্রতিবাদ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার গাজীপুর ও চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে দুপুরে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে হেফাজতে ইসলামের কয়েক হাজার কর্মী অংশ নেয়।
জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাওলানা মাসুদুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুফতি লেহাজ উদ্দিন, মাওলানা রিয়াজুল ইসলাম, মুফতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ। অন্যদিকে, হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সমাবেশ ও মিছিল করা হয়।
শহরের কালীবাড়ি শপথ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা লিয়াকত আলী, সিনিয়র সহসভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সহ-সভাপতি মাওলানা মো. ইদ্রিস।
বক্তারা বলেন, বাংলার জমিনে আল্লাহ ও রাসুল (সা.)-এর বিরুদ্ধে কট‚ক্তিকারীদের ঠাঁই হবে না।