আগেই জানা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ২২ নভেম্বর কলকাতা টেস্ট দেখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের গণমাধ্যমকে সৌরভ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এবং তিনি কলকাতা টেস্ট শুরুর আগের রাতে কলকাতা যাবেন। যদিও ঢাকায় অনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তা নিশ্চিত করা হয়নি।
সোমবার কলকাতায় সৌরভ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি হয়তো ২১ নভেম্বর রাতেই শহরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’ ইডেন গার্ডেনে ২২ তারিখ সকালে শেখ হাসিনা, নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ‘বেল’ বাজিয়ে টেস্টের উদ্বোধন ঘোষণা করতে পারেন।
কলকাতা টেস্টকে উৎসবে রাঙাতে বড় পরিকল্পনা সৌরভ গাঙ্গুলির। ২০০০ সালে ঢাকায় বাংলাদেশের অভিষেক টেস্টে খেলা দুদলের সব খেলোয়াড়কে সেদিন সংবর্ধনা দিতে চান তিনি, ‘বাংলাদেশের বোর্ডের সঙ্গে কথা বলব। যারা ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে খেলেছিলেন, সেই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবি-র। বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাব। অনুরোধ করব, ওই দলের সদস্যদের যেন টেস্টের প্রথম দিন আসার অনুমতি দেওয়া হয়।’
বাংলাদেশের অভিষেক টেস্টের দল
নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ, শাহরিয়ার হোসেন, মেহরাব হোসেন, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম, আল শাহরিয়ার, আকরাম খান, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও বিকাশ রঞ্জন দাস।