স্বরাষ্ট্রমন্ত্রী সম্মতি দিলেও সময় জানাননি আইজি প্রিজন্স : রব

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী সম্মতি দিলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আইজি প্রিজন্স সাক্ষাতের সময় জানাননি বলে অভিযোগ করেছেন জোট নেতারা।

জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব গতকাল দেশ রূপান্তরকে এ অভিযোগ করে বলেন, সন্ধ্যা পর্যন্ত আইজি প্রিজন্স ফোন করে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের সময় জানাননি।

তিনি বলেন, ‘গত সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার বিষয়ে তিনি সম্মতি দেন।

একই সঙ্গে আইজি প্রিজন্সকে জানিয়ে দেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানান, আইজি প্রিজন্স ফোন করে সময় জানাবেন। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত আইজি প্রিজন্স ফোন করেননি। আমরা অপেক্ষায় আছি।’