জাবিতে শিবির সন্দেহে ২ সাবেক শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিবির সন্দেহে দুই সাবেক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় থেকে তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি।

তাদের মোবাইলে শিবিরের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে দাবি প্রক্টোরিয়াল বডির। জিজ্ঞাসাবাদের পর রাত ১২টার দিকে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

আটক দুইজন হলেন- সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী (৪১ তম ব্যাচ) সাদ শরীফ এবং প্রত্নতত্ত্ব বিভাগের (৪২ তম ব্যাচ) নূরুল আমিন অপু। আটকরা শিবিরের কোন পর্যায়ের নেতাকর্মী তা এখনও জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে করা মশাল মিছিল চলাকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। মিছিলে যোগ দিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার টার্গেট ছিল তাদের। তারা যে শিবির করে তার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণাদি আমরা পেয়েছি।

প্রক্টর আরও বলেন, মশাল মিছিলে শিবির ও ছাত্রদল অংশ নেবে এমন তথ্যের ভিত্তিতে আমরা সারাদিন ক্যাম্পাস পর্যবেক্ষণ করতে থাকি। মিছিল চৌরঙ্গী এলাকায় গেলে তাদের দুইজনকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলসহ আটক করি। তারা মোটরসাইকেলযোগে মিছিলের পেছন পেছন আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তবে পুলিশ থানায় নিয়ে যাওয়ার সময় আটক দু’জন সাংবাদিকদের বলেন, ‘তারা কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। ক্যাম্পাসে ঘুরতে আসলে কয়েকজন শিক্ষক তাদেরকে আটক করে।

বুধবার আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন।