দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে আগুনে পুড়িয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেওয়া আগুনে দগ্ধ হয়ে ইমরান (২৮) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সাউথ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমরান মাদারীপুরের উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মুজাফরপুর খলিফাকান্দি এলাকার দুদু মিয়া খলিফার ছেলে।

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাতে ডাকাতের দেওয়া আগুনে দগ্ধ হন মাদারীপুরের ইমরান ও রহিম নামে দুইজন।

ইমরানের বোন জামাই রুবেল মাতুব্বর ও রহিমের ছোট ভাই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সাউথ আফ্রিকার ওরেঞ্জফার্ম এলাকায় দোকান করতেন ইমরান ও রহিম। সোমবার রাতে বন্দুকধারী একদল ডাকাত এসে হানা দেয় তার দোকানে।

ডাকাতি শেষে দোকান আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ডাকাতরা। এসময় আব্দুর রহিম ও ইমরান নামে শিবচরের দুই যুবক দগ্ধ হন।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে অন্য প্রবাসীরা স্থানীয় হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার ভোরে ইমরানের মৃত্যু হয়।

অন্যদিকে আহত রহিম চিকিৎসাধীন রয়েছেন। ইমরানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকা।

আহত রহিমের ভাই রফিকুল ইসলাম বলেন, আমার বড় ভাই রহিম ও এমরান ভাই দুইজনে ওই দেশে মুদির দোকান চালাতেন। আমার ভাইয়ের দেড় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। ওই দেশে প্রায় আমাদের বাংলাদেশিদের মেরে ফেলা হয়। সরকারের এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

নিহত ইমরানের বোন জামাই রুবেল মাতুব্বর জানান, ইমরান বিদেশে যাওয়ার জন্য অনেক টাকা দেনা হয়েছে। সে গত দেড় বছর ধরে সাউথ আফ্রিকা গিয়েছে। এখনো প্রায় ৫-৭ লক্ষ টাকা দেনা রয়েছে। তার স্বপ্ন ছিল দেশের দেনা পরিশোধ করে ছোট বোনদের বিয়ে দেবে। কিন্তু সকল স্বপ্ন ভেঙে গেছে।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, আমাদের কাছে আবেদন করলে আমরা লাশটি যাতে দেশে আসে সেই ব্যবস্থা করবো। পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করবো।