নবজাতক কন্যার কান্না শোনারও সৌভাগ্য নেই বধির বাবার। এরপরেও কোলে নিয়ে মেয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন ইশারা ভাষায়। আবেগপূর্ণ এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে।
এনডিটিভি জানায়, শ্রবণ প্রতিবন্ধী বাবা কীভাবে তার নবজাতক কন্যার সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কথা বলছেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
রেক্স চ্যাপম্যান নামে ওই বাবা অবসরপ্রাপ্ত মার্কিন পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। ইশারা ভাষায় তিনি মেয়েকে বলছেন, ‘আই লাভ ইউ।'
৪১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাবা তার নবজাতক কন্যাকে নিজের কোলে তুলেছেন এবং তার সঙ্গে কথা বলার জন্য ইশারার ভাষা ব্যবহার করছেন। কমেন্ট বক্সে চ্যাপম্যানের ইশারা ভাষার অনুবাদও করে দেন একজন।
ওই টুইটার ব্যবহারকারীর মতে ইশারার মাধ্যমে ওই বাবা তার কন্যাকে বোঝাচ্ছেন, “বাবা। আমি তোমার বাবা। আমি তোমাকে ভালোবাসি! তুমি খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে। কী সুন্দর তোমার চোখের রং, উজ্জ্বল সবুজ!”
স্বাভাবিকভাবেই এমন দৃশ্য মানুষকে আবেগী করে তোলার কথা। তিন দিন আগে টুইটারে ভিডিওটি শেয়ার হয়। এর মধ্যে প্রায় ৬০ লাখ মানুষ ভিডিওটি দেখে ফেলেছে।