শাহরুখের জন্মদিনের পরিকল্পনা ফাঁস করলেন গৌরী

মাত্র দশ দিন বাকি। এর পর ৫৪ বছরে পা রাখবেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, এক বছরের বিরতি ভেঙে এ দিন নতুন ছবির ঘোষণা দেবেন কিং খান। সেই খবরে খুশির জোয়ারে ভাসছেন ভক্তরা।

প্রতি বছর ২ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে কাটান শাহরুখ। সেই খবর জানতে উৎসুক থাকেন সবাই। এবার নাকি একদম অন্যভাবে জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছেন নায়ক। সেই পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন তার স্ত্রী গৌরী খান।

এবার একেবারেই হই হুল্লোড়ে মাততে চান না শাহরুখ। গৌরী জানিয়েছেন, জন্মদিনটি তিনি বাড়িতেই পরিবারের সঙ্গে কাটাবেন। ডিনার বা লাঞ্চেও কোথাও বেরোনোর আয়োজন নেই তাদের।

শাহরুখ কোনো উদ্‌যাপনে শামিল না হলেও প্রতিবারের মতো মান্নাতের সামনে ভিড় জমাবেন ভক্তরা। আশা করা হচ্ছে, এবারও অনুরাগীদের খালি হাতে ফিরিয়ে দেবেন না বলিউড বাদশা।

সর্বশেষ ডিসেম্বরে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘জিরো’। আনন্দ এল রাই-এর পরিচালনায় তার সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ধারাবাহিক ব্যর্থতার রেশ ধরে এই সিনেমাও বক্স অফিসে ভালো করতে পারেনি। এরপর সিনেমা ও নেটফ্লিক্স সিরিজ প্রযোজনা করলেও অভিনয়ে ফেরেননি শাহরুখ। ফিরিয়ে দিয়েছেন একের পর এক চিত্রনাট্য। আশা করা হচ্ছে, ২ নভেম্বর চমকপ্রদ কোনো ঘোষণা দিতে যাচ্ছেন তিনি।