অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবির চার শিক্ষার্থী বহিষ্কার

অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা সাত কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র হাসিবুর রহমান ওরফে তুষার, দর্শন বিভাগের আবু বকর ওরফে আলিফ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ইমরান হোসেন এবং পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের ছাত্র ইফতেখার ইসলাম ওরফে তুষার। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হল থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আবাসিক হল ও হোস্টেল প্রশাসনের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ঢাবির প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রক্টর জানান, গত ৮ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একটি কক্ষে অভিযান চালিয়ে হাসিবুর রহমান ও আবু বকরকে অস্ত্র ও মাদকসহ আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কক্ষের বাসিন্দা ইমরান হোসেন পালিয়ে যান। পরে এই তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। এ ছাড়া হল প্রশাসনের অভিযোগের ভিত্তিতে ইফতেখার ইসলাম নামের আরেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকের মতবিনিময় সভায় অছাত্রদের হলে অবস্থান করতে না দেওয়ার বিষয়ে হল প্রাধ্যক্ষ ও হোস্টেলের ওয়ার্ডেনদের নির্দেশনা দেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সমস্যা সমাধানে পরিকল্পিত কর্মকৌশল গ্রহণ করা হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহউপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, প্রক্টর, আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকেরা বক্তব্য দেন।