মানবপাচার প্রতিরোধে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।
তিনি বলেছেন, ‘পাচার থেকে বেঁচে যাওয়া মানুষকে বিভিন্ন সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম অগ্রাধিকার।’
বুধবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রবার্ট মিলার এসব কথা বলেন।
এ সময় তিনি সম্প্রতি ফ্রান্স যাওয়ার পথে সাগরে নৌকা ডুবে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় সিলেটে মানবপাচার প্রতিরোধ ও অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জেলা প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।
তিন দিন সিলেট সফরের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, নৌকায় করে রাতারগুল দেখে মুগ্ধ হয়েছি। এখানকার প্রাণবৈচিত্র্য চমৎকার। এসব প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে।
সিলেটের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা বিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগের কথা বলেন মিলার। একই সঙ্গে বাংলাদেশে বিভিন্ন মার্কিন কোম্পানির দীর্ঘমেয়াদি বিনিয়োগ আগামীতে আরও বাড়বে বলেও জানান তিনি।