প্রশ্নের উত্তর দিতে গেলে ঝামেলা: সাকিব

বেশির ভাগ দাবি আদায়ের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। শুক্রবার থেকেই ভারত সফরের ক্যাম্প শুরু করবেন জাতীয় দলের তারকারা। শনিবার থেকে মাঠে ফিরবেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা।

অনেক নাটকীয়তা ও জল্পনা-কল্পনার পর বিসিবির সঙ্গে বৈঠকের পর মাঠে ফেরার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা।

বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক শেষে ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে সাকিব আল হাসান বলেন, ‘এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটাতে আমরা অনেক খুশি।’

এ সময় তার পাশে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব কথা বলার আগে তিনিও দাবি মেনে নেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।

তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাকিব একপর্যায়ে বলেন, ‘ভাই, প্রশ্ন করলে উত্তর দিতে গেলে ঝামেলা শুরু। আমি প্রশ্নের উত্তর দিতে চাই না।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ১ লাখ টাকা ম্যাচ ফি’র যে দাবি জানিয়েছিলেন ক্রিকেটাররা সে দাবি সম্পর্কে জানতে চাইলে সাকিব হেসে এ কথা বলেন। সংবাদ সম্মেলনও সেখানেই শেষ ঘোষণা করা হয়।

এর আগে সাকিব বলেন, ‘অলমোস্ট সবগুলো আলোচনাই ফলপ্রসূ হয়েছে। এবং খুব ভালোভাবে। আমাদের বেশির ভাগ যে দাবিগুলো ছিল, এখানে সব বোর্ড ডিরেক্টরসহ, প্রেসিডেন্ট তারা সবাই শুনেছেন। আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুততর সময়ে হওয়া সম্ভব সেটা তারা করে দেবেন আমাদের জন্য। সেই আশ্বাসের ভিত্তিতে জাতীয় লিগের খেলোয়াড়রা শনিবার থেকে ম্যাচ খেলা শুরু করব। জাতীয় দলের খেলোয়াড়রা ২৫ তারিখ (শুক্রবার) থেকে ক্যাম্প শুরু করবে।’

কোয়াবের কর্মকর্তাদের পদত্যাগের দাবি প্রসঙ্গে জানতে চাইলে সাকিব বলেন, ‘সুজন ভাই, দুর্জয় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। ওনারা যেটা বললেন, আমরা আসলে জানি না কি রুলস বা টার্ম আছে। আমি দুর্জয় ভাইকে বলেছি ক্রিকেটারদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এটা সমাধান করা... নতুন করে নির্বাচন করে। আমরা চাচ্ছি বর্তমান খেলোয়াড়দের থেকে কেউ যেন প্রতিনিধি থাকে। দুর্জয় ভাই সেটা আমাদের সঙ্গে একমত হয়েছেন। বলেছেন, তোমরা কীভাবে করতে চাও, কখন এটা আমাদেরই করতে হবে। সবাই যখন থাকব তখন আলোচনা করে ঠিক হবে।’

নতুন দুই দাবি প্রসঙ্গে সাকিব বলেন, ‘পাপন ভাই যেটা বললেন, এই নতুন দুটি দাবি যেহেতু আজকেই করা হয়েছে স্বাভাবিকভাবে তারা আলোচনা করার সুযোগ পায়নি। পরবর্তী সময়ে আমাদের সঙ্গে যখন কথা হবে, তখন আলোচনা করে জানাবে। এমনিতে সন্তুষ্ট সবকিছু।’

সব মিলে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, ‘এটা তো সব খেলোয়াড়ই বলতে পারবে। কিন্তু হ্যাঁ, আমাদের কাছে যেটা মনে হয়, আমাদের বেশির ভাগ দাবি দাওয়াই তো বাকি নাই। যেহেতু এখনো কার্যকর হয় নাই, তাই কার্যকর হলে বলতে পারব আমরা খুশি কি না (হেসে)। তবে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটাতে আমরা অনেক খুশি।’  

সোমবার ১১ দফা দাবি জানিয়ে ধর্মঘট ডেকেছিলেন ক্রিকেটাররা। এরপর মঙ্গলবার বিসিবি সভাপতি সংবাদ সম্মেলন করে কঠোর অবস্থানের কথাই জানান।

তবে বুধবার দুপুরেই ক্রিকেটারদের আলোচনার আহ্বান জানানো হয় বিসিবির পক্ষ থেকে। বিকেল ৫টায় ক্রিকেটারদের সঙ্গে বসার কথা জানিয়েছিলেন বিসিবি কর্তারা।

দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও।

তবে ক্রিকেটাররা প্রথমে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। সেখানে নতুন দুই দাবি (রাজস্বের ভাগ ও নারী ক্রিকেটারদের সমান মর্যাদা) জানান তারা।

পরে সেখানে সবাই মিলে রাতেই বিসিবির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন:

মাঠে ফিরছেন ক্রিকেটাররা