সাতক্ষীরার শ্যামনগরে (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন) বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।
উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা মোড়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগর থানার এসআই হাবিবুর রহমান খান জানান, প্রতিদিনকার মতো মুন্সিগঞ্জ থেকে খুলনাগামী বিআরটিসি ছেড়ে যায়। সকাল ৮টা ১৫ মিনিটে ফুলতলা নামক স্থানে পৌঁছালে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে সামনের একটি চাকা বাস থেকে খুলে যায়। এ সময় শ্যামনগর হায়বাতপুর থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মোটরসাইকেল চালক হায়বাতপুরের গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাবলুর রহমান (৫৫) ঘটনাস্থলেই মারা যান।
এসআই হাবিব আরও জানান, উক্ত বিআরটিসি বাসটির ফিটনেস ভালো ছিল না এবং তার বাসটির সামনে-পেছনে কোনো নম্বর প্লেট নেই। যেটি সম্পূর্ণ অবৈধ।