ভৈরব-কিশোরগঞ্জ সড়কে মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহন চলাচলে হাইওয়ে পুলিশের বাধা প্রদান, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভা ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শ্রমিক-মালিকরা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী তারা এসব কর্মসূচি পালন করেন। এতে করে ওই মহাসড়কসহ ভৈরব-কিশোরগঞ্জ সড়ক ও ভৈরব নদীবন্দরে প্রবেশের বঙ্গবন্ধু সরণি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।
ব্যবসায়ীরা দাবি করেন, আদালতের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কে ধীরগতির যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় ভৈরবের আশপাশে বিশেষ করে নরসিংদীর রায়পুরা-বেলাবো উপজেলার ক্রেতা-বিক্রেতারা তাদের মালামাল কেনাবেচায় না আসায় এখানকার অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে।
ভৈরব রড-সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আফজাল হোসেন জামালের সভাপতিত্বে ওইসব কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি হাজি মোশারফ হোসেন প্রমুখ।