১৯৯৭ সালে কেন্দ্রীয় জাম্বুরি শেষে বাড়ি ফেরার পথে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মেহেরপুরের ৫ রোভারের মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনি, বাংলাদেশ রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী, ডিআরসি সংগঠনের আবুল খায়ের, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উপ-পরিচালক প্রফেসর আশরাফ উদ্দীন, খুলনা বিভাগীয় রোভার নেতা প্রফেসর শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক আবু হাসান বাচ্চু, মেহেরপুর জেলা সম্পাদক রোভার ফকরুখ আহমেদ, মেহেরপুর জেলা রোভারের সহকারী কমিশনার এস এম রফিকুল আলম বকুলসহ রোভার স্কাউটের কয়েকশ শিক্ষার্থী।
এর আগে সকালে বাংলাদেশ রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ কে এম সেলিমের নেতৃতে শহীদ ৫ রোভারের পরিবারের সদস্যদের নিয়ে মেহেরপুর পৌর কবরস্থানে কবর জিয়ারত ও মোনাজাত করা হয়। পরে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল চত্বরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।