ফরিদপুরে বাসচালকের এক সহকারীকে হত্যা করে বাস ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার নাম সাদ্দাম হোসেন (২০)। গতকাল বৃহস্পতিবার সকালে নিউ নূপুর পরিবহনের ওই বাসটি ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ।
এ সময় বাসের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় সাদ্দামের লাশ উদ্ধার করা হয়। তিনি মধুখালী থানার আড়পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, ফরিদপুর-বেনাপোল সড়কে চলাচলকারী বাসটি গত বুধবার রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে ছিনতাই হয়। বাসে ঘুমিয়ে থাকা সাদ্দামকে হত্যা করে বাসটি নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। ফরিদপুর থেকে চালিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসে চালক ভুল করে এক রাস্তায় ঢুকে পড়ে। সেখান থেকে ঘোরানোর ব্যবস্থা না থাকায় বাস ফেলেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ভাঙ্গা থানার ওসি কাজী সাঈদুর রহমান বলেন, সকালে বাসটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী হাইওয়ে থানায় খবর দেয়।